top of page

কবিতা - পরজন্মে তুই আর আমি

কাকলি ঘোষ
May 31, 2021
1 min read


এ জন্মে তুই আঁখির আড়াল,

পরজন্মে ভিন না হব,

আমরা দোঁহে একই সুতোয়

দুইটি মোতি গাঁথা রব।


যদি নতুন জন্ম থাকে,

আমি হব সেই মাধবী,

তুই তো আমার বুকের উপর

নীল রঙা সেই মধুপ হবি।


নয়তো বা তুই জলদ হবি

আমি হব বৃষ্টিকণা,

ভাসবো আমি তোরই বুকে

বাধা হয়ে কেউ রবে না।


হয়তো বা তুই চন্দ্র হবি,

আমি হব চাঁদ কলঙ্ক,

যতই আমি হইনা কালো

দুজন মিলে পুরো মৃগাঙ্ক।


কিংবা রে তুই সাগর হবি,

আমি হব স্রোতস্বিনী,

তোরই বুকে আছড়ে আমি

পড়বো হয়ে কল্লোলিনী।


না হয় রে তুই প্রদীপ হবি

আমি হব অগ্নিশিখা,

দুজন মিলে ভরিয়ে দেব

আঁধারলোকে আলোকরেখা।


তুই যদি ফুলদানি হবি,

আমি হব ফুলের তোড়া,

আমি রব নিরুদ্বেগে

তোর সোহাগে রব মোড়া।


নয় তো বা তুই কবি হবি,

আমি হব তোর কবিতা,

স্বপ্ন আশা করবো বিলি

আমিই হব তোর জয়ীতা।


তুই যদি হোস বিকচ নয়ান,

আমি হব তারই মণি,

তুই যদি হোস আমার রাজা,

আমি হব তোরই রানী।


থাকবো না রে পৃথক হয়ে

এক বাঁধনে পড়বো বাঁধা,

প্রেমে হব বিজয়িনী

যতই আসুক সামনে বাধা।


Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page