অনুবাদ কবিতা - অশান্ত রাত
জীবদ্দশায় কবি হিসাবে প্রায় অচেনা, এমিলি ডিকনসন বর্তমানে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি কবি হিসাবে স্বীকৃত।
ডিকিনসনের প্রায় আঠারোশটি কবিতার মধ্যে কেবল দশটি কবিতা তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল বলে জানা যায়। ডিকিনসনের বাকি কবিতাগুলি তার মৃত্যুর পর তার বোন লাভিনিয়ার সহায়তায় প্রকাশিত হয়।
ডিকনসন জীবনের অন্তর্দর্শনের রহস্যময়তার কবি। তার কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের অন্তর্জগতের দ্বন্দ্ব, ভালবাসা, ধর্ম এবং অমরত্ব সম্পর্কে সংশয়। তার কবিতায় প্রায়শই মৃত্যু এসেছে প্রেমিকের রূপে। ডিকনসনের কবিতায় প্রেমের স্নিগ্ধতার সাথে মিশে গেছে যৌন আবেগের তীব্রতা। সে প্রেম জাগতিক না আধ্যাত্মিক তা বিচারের ভার পাঠকের উপর ছেড়ে দেয়াই সমুচিত।
জীবনের সারমর্মের সন্ধানে, ডিকনসন শব্দের বাহুল্য বর্জিত এক নিজস্ব কবিতা শৈলী তৈরি করেছিলেন, যাতে তিনি ক্রিয়াপদ এবং অব্যয় অবহেলায় বাদ দিয়ে, ভাঙা ছন্দ, ড্যাশ চিহ্ন ব্যবহারের মাধ্যমে এক নূতন প্রকাশ-রীতির প্রচলন করেন, যা উনিশ শতকের সমসাময়িকদের তুলনায় একেবারে আলাদা এবং বৈপ্লবিক ছিল। তিনি তার কবিতায় যেরকম ছন্দের ব্যবহার করেছিলেন তা সেই সময় স্বীকৃত না হলেও, আধুনিক কবিরা ব্যবহার করেছেন।
নিচের কবিতাটি এমিলি ডিকনসনের Wild wild nights! (249) এর অনুবাদ।
অশান্ত ! অশান্ত এই রাত!
তবু তুমি থাকলে পাশে
এমন এই বন্য রাতে
কাটত সময় রতিবিলাসে!
বন্দরে নঙ্গর-ফেলা এই হৃদয়ে -
অহেতুক পালের হাওয়া -
কেনই বা নিরর্থক কম্পাস-
আর ম্যাপের বোঁচকা বওয়া!
অলকানন্দায় বৈঠা বেয়ে
সহসা - সাগর দেখে -
হতে কি পারে এ রাত-যাপন
তোমার বুকে মাথা রেখে!



Comments